নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও একাদশে থাকবেন না জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ-রোনালদো দ্বন্দ্ব এখন বিশ্ব ফুটবলের আলোচিত বিষয়। এবার তাতে জড়িয়ে পড়লেন রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজ।রোনালদোর জাতীয় দল ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে দেশটির সংসদেও। এরই মাঝে জর্জিনাও সোশ্যাল মিডিয়ায় কোচ জেসুসকে কড়া কথা শুনিয়েছেন। যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন রোনালদোপত্নী।
ম্যানইউতে রোনালদোর এক সময়ের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের একটি বক্তব্যের পোস্ট শেয়ার করেন, যেখানে পর্তুগিজ তারকাকে নিয়ন্ত্রণ করতে জেসুসের কৌশল সমালোচনা করে জর্জিনা। তবে ওই বক্তব্য ভুয়া ছিল। ফার্গুসন অমন কথা বলেনইনি। জর্জিনা পরে দ্রুত পোস্টটি সরিয়ে ফেলেন।
ফার্গুসনের এক উক্তি ব্যবহার করে জর্জিনা লেখেন, ‘যদি জেসুস জানতেনই যে তিনি রোনালদোকে ব্যবহার করবেন না, তাহলে কেন তাকে ডাকলেন? নিয়ন্ত্রণ করে কি নিজেকে জাহির করতে চেয়েছিলেন তিনি? এটা কর্তৃত্ব নয়, নিরাপত্তাহীনতা।’ জেসুসকে নিয়ে জর্জিনার আরেকটি বিতর্কিত লাইন ছিল, ‘এই মানুষের নামের সঙ্গে কীভাবে “ক্রাইস্ট” (জেসুস) শব্দটি থাকতে পারে, আমি সেটাই বুঝতে পারছি না।’


























