উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বক্সের ডানদিকে দুইবার বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নেওয়ার পর কোনাকুনি উঁচু শটে জালে জড়ান লামিনে ইয়ামাল। তার অসাধারণ ফিনিশিং দেখে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে দুই হাত মাথায় তুলে বেঞ্চের দিকে ফিরে বিস্ময় প্রকাশ করেন।
ম্যাচ শেষে ইয়ামালের গোলের পর নিজের এমন প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘লামিন আমাদের সবাইকে কখনও বিস্মিত করা থামায় না। তার অনেক প্রতিভা ও গুণ আছে। আমাদেরকে দেওয়ার মতো এখনও অনেক কিছুই বাকি আছে তার। আমাদের সেরা লামিনকে দেখতে হলে অনেক পথ বাকি আছে। যদিও সে সবসময় দুর্দান্ত সব শটে গোল করে।’
এই নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন লামিনে ইয়ামাল। ২০১৮ সালে কিরগিজস্তানের আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে ছয় মিনিটের মধ্যে গোলের বিরল কীর্তি গড়েন তিনি। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুটি ম্যাচে ২ মিনিটে গোল করেছেন ইয়ামাল। তিন ম্যাচে ৪ গোল ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
তার সাম্প্রতিক ফর্ম তার ব্যালন ডি’অর জয়ের দাবিকে আরও জোরালো করছে। দে লা ফুয়েন্তে বলেন, ‘সে যদি ব্যালন ডি’অরের জন্য মনোনীত একমাত্র স্প্যানিশ খেলোয়াড় হতো, তবুও আমি বলতাম হ্যাঁ। সে বিশ্বের সেরা।’
স্প্যানিশ কোচ আরও বলেন, ‘সে সবকিছু ভালোভাবে করে। সে যদি সেরা না হয়, সেটার কারণ অন্য স্প্যানিশ খেলোয়াড়দের কাছ থেকে প্রতিযোগিতা। তবুও সে নিশ্চিতভাবে সেরাদের একজন। লামিন একজন কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে।’


























