যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন ডানপন্থী সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। এ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি ট্রাম্প সমর্থন জানাবেন কি না, তা নিয়ে সম্প্রতি তাকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচারে ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন। এবারও ইসরায়েলের নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা চলছে।
নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলি কর্মকর্তারা চান, তিনি যেন নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে যুক্ত হন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা চান আমি যুক্ত হই। হ্যাঁ, তারা চান।’ তবে প্রচারে সরাসরি অংশ নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতার প্রসঙ্গ তুলে দুই দেশের ‘অত্যন্ত সফল সামরিক অংশীদারত্বের’ কথাও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত আস্থা নিয়ে প্রশ্নের জবাবে রাজনীতিতে কাউকে বিশ্বাস না করার কথা বললেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সহযোগিতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।



















