রূপালী পর্দায় থালাপতি বিজয়ের ‘বিদায়ী সিনেমা’ হিসেবে খ্যাত ‘জন নায়গন’ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। তবে সিনেমাটির জমকালো অ্যাকশনের পাশাপাশি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে কাস্টিং ও পারিশ্রমিকের হিসাব।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর এই বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা সিনেমাটি থেকে যে আকাশচুম্বী পারিশ্রমিক ঘরে তুলেছেন, যা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে তাকে শীর্ষ পারিশ্রমিকভোগী তারকার মর্যাদা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘জন নায়গন’-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বিজয় পেয়েছেন প্রায় বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা। বলা হচ্ছে, এই অর্থ তাকে সরাসরি পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে; ছবির মুনাফায় অংশীদার হওয়ার কোনো চুক্তি ছিল না। যদিও নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

‘জন নায়গন’ ছবি পরিচালনা করেছেন এইচ বিনোথ। জানা গেছে, ছবিটি পরিচালনার জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
এই ছবির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘জওয়ান’, ‘লিও’ ও ‘জেলার’-এর মতো সফল ছবির সংগীত পরিচালনার পর এবার ‘জন নায়গন’-এর জন্য তিনি ১৫ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই ছবির নায়িকা হলেন পূজা হেগড়ে। ‘জন নায়গন’-এ অভিনয়ের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। তবে দক্ষিণের পাশাপাশি বলিউডেও পূজা হেগড়ে পরিচিত মুখ।
এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ববি দেওল। তার পারিশ্রমিক ১২ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে। এ ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে প্রকাশ রাজ পেয়েছেন ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা ও গৌতম বাসুদেব মেনন পেয়েছেন ৫ কোটি টাকা।
উল্লেখ্য, ‘জন নায়গন’ ছবিকে বিজয়ের অভিনয়জীবনের শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। কারণ, অভিনয় থেকে সরে এসে তিনি এখন পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন। বলা হচ্ছে, এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ছবির বাজেট ৫০০ কোটি টাকার মতো।
‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে অগ্রিম বুকিংয়ে বিশাল রেকর্ড করেছে। দেশে প্রি-সেলস (ব্লক করা আসনসহ) থেকেই ছবিটি আনুমানিক ৩০ কোটি টাকা আয় করেছে। ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে দুনিয়াজুড়ে আনুমানিক আয় ১০৭-১১২ কোটি টাকার মধ্যে, আর দেশের বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি টাকা আয় করেছে বলা হচ্ছে। থালাপতি বিজয়ের শেষ ছবি কতটা বাণিজ্যিক সাফল্য পায়, সেটাই এখন দেখার বিষয়।


























