বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের (এসভিপি) লোভনীয় পদ ও ২৩ বছরের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টেনে ভারতে ফিরে আসছেন কেশবন শানমুগম। ভারতে থাকা বয়স্ক বাবা-মায়ের পাশে সময় কাটাতে তিনি চাকরি থেকে অবসরের এই ব্যতিক্রমী ও আবেগঘন ঘোষণা দিয়েছেন।
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রমে অন্যতম নীতি-নির্ধারণী ভূমিকায় ছিলেন কেশবন। বিশেষ করে প্রতিষ্ঠানের বহুল আলোচিত ‘এক্সেল কো-পাইলট’ এবং ভবিষ্যৎ প্রজন্মের ‘এজেন্টিক এআই’ প্রযুক্তি চালুর ক্ষেত্রে তাঁর অবদান ছিল নেতৃত্বস্থানীয়। সিলিকন ভ্যালিসহ বিশ্বজুড়ে যখন এআই আধিপত্য প্রতিষ্ঠার তীব্র প্রতিযোগিতা চলছে, ঠিক সেই শীর্ষ মুহূর্তে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত প্রযুক্তিবিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
তবে তুখোড় পেশাগত সাফল্য ও বৈশ্বিক খ্যাতির চেয়ে বয়োবৃদ্ধ বাবা-মা এবং পরিবারকেই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে দেওয়া এক আবেগাপ্লুত পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে কেশবন শানমুগম লেখেন, “মাইক্রোসফটে চমৎকার ২৩টি বছর কাটালাম। ভারতে বসবাসকারী আমার বয়স্ক বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর উদ্দেশ্যেই আমি চাকরি থেকে অবসর নিচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, ‘এক্সেল কো-পাইলট’-এর মতো রোমাঞ্চকর কাজ এবং দারুণ সব মেধাবী সহকর্মীদের ছেড়ে আসা মোটেও সহজ ছিল না। তবে জীবনের এই পর্যায়ে এসে কাজ ও ক্যারিয়ারের চেয়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের পাশে থাকাকেই তিনি সবচেয়ে সঠিক ও অর্থপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন।


























