‘আওয়ারাপান ২’ সিনেমার একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ভিন্নধর্মী সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। প্রচলিত গ্ল্যামারাস গাউন বা জমকালো পোশাকের বদলে স্পোর্টি ও ‘ওয়াইটুকে’ অনুপ্রাণিত একটি পরীক্ষামূলক লুক দেখা যায় তাকে।
তবে তার এই পোশাক নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র।অনুষ্ঠানে ওয়ামিকা ওভারসাইজড বাদামি ও কালো শেডের চিতা-প্রিন্টের একটি ফুটবল জার্সি পরেছিলেন। সাদা-কালো কলার ও সামনের গ্রাফিক ডিজাইনের জার্সিটিকে তিনি মিনি ড্রেস হিসেবে স্টাইল করেন। পোশাকের নিচ থেকে সামান্য কালো টিউল বা ঝালরও দেখা যায়।
স্পোর্টি এই লুককে আরও আলাদা করে তুলতে তিনি পরেছিলেন সরু স্টিলেটো হিলযুক্ত কালো অ্যাঙ্কেল বুট। তবে তার সাজের সবচেয়ে নজরকাড়া অংশ ছিল চোখ ঢাকা ওয়াইটু-অনুপ্রাণিত কালো সানগ্লাস। ছোট ও কিছুটা এলোমেলো চুলের স্টাইলও লুকে ভিন্ন মাত্রা যোগ করে। কোনো গহনা না পরে পোশাক, সানগ্লাস ও জুতোকেই সাজের মূল আকর্ষণ হিসেবে রেখেছিলেন অভিনেত্রী।
ওয়ামিকার এই সাহসী ফ্যাশন পছন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার ওভারসাইজড জার্সি, অদ্ভুত আকৃতির সানগ্লাস ও হেয়ারস্টাইলের সমন্বয় নিয়ে সমালোচনা করেছেন।
কেউ কেউ মজা করে তাকে ‘বলিউডের শহীদ আফ্রিদি’ বলেও মন্তব্য করেছেন। আবার অনেকে তার পোশাককে ‘সস্তা লুক’, ‘বাজে’ ও ‘ছাপরি’ বলে কটাক্ষ করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, সব ধরনের স্টাইল সবার ওপর মানায় না এবং ওয়ামিকার এই সাজ তার উদাহরণ। একই সঙ্গে তার মেকআপ ও পোশাকের ফিটিং নিয়েও সমালোচনা করেন তিনি।
তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি ওয়ামিকার পক্ষে দাঁড়িয়েছেন অনেক ভক্ত। তাদের মতে, প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন সাহসী লুক বেছে নেওয়ার জন্য অভিনেত্রীর প্রশংসা প্রাপ্য। কেউ কেউ তার সাজকে ‘মনোমুগ্ধকর’ বলেও মন্তব্য করেছেন এবং তার নিজস্ব ও ভিন্নধর্মী ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন।
সব মিলিয়ে, ওয়ামিকার নতুন এই লুক নিয়ে সমালোচনা ও প্রশংসা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে। তবে ভিন্নধর্মী পোশাকের কারণে অনুষ্ঠানটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভালোভাবেই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।


























