নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় ঐশী পোদ্দার (১৯) ও ঝর্ণা (৩০) নামে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উলুকান্দি পশ্চিমপাড়া ও সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়া এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।
নিহত ঐশী পোদ্দার উলুকান্দি গ্রামের শান্ত রায়ের স্ত্রী এবং শংকর পোদ্দারের মেয়ে। সকাল ৭টার দিকে নিজ বাড়ির বসতঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ঐশীর পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে তার বিয়ে হয়েছিল।
অন্যদিকে, সকাল ৬টার দিকে সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির বসতঘর থেকে ঝর্ণার (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলীর মেয়ে এবং নাদিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গৃহবধূর মৃত্যুর পেছনে পারিবারিক কলহের বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনাগুলোর বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


























