মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো শেখ হাসিনার স্মারকে বলা হয়, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আইসিটি মামলায় পলাতক আসামী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড এবং দণ্ডপ্রাপ্ত এ আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও ভিক্টিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলি বন্দোবস্ত করার আদেশ দিয়েছেন।
রায়ে ট্রাইব্যুনাল সম্পত্তি বাজেয়াপ্তকরণের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্মারকে আরও বলা হয়, অনতিবিলম্বে দণ্ডিত পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে না নিলে দণ্ডিত পলাতক আসামি যেকোনও সময় তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ভোগ, বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর করে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরণ সংক্রান্ত রায় ও আদেশ নিষ্ফল করে দিতে পারে।
এ অবস্থায়, অনতিবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে ট্রাইব্যুনালের আদেশমতে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভিক্টিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলি বন্দোবস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্মারকে অনুরোধ জানানো হয়।
আসাদুজ্জামান খান কামালের বিষয়েও ব্যবস্থা নিতে অনুরুপ স্মারক পাঠানো হয়।


























