জাতিসংঘে দেওয়া ভাষণে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআইকে নতুন নামে অভিহিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এআইকে তিনি ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে উল্লেখ করেন।
ভাষণে ট্রাম্প বলেন, ‘আর্টিফিশিয়াল’ শব্দটি ব্যবহার করলে এআইকে নকল কিছু মনে হয়। তার ভাষায়, এটি নকল নয়, বরং অসাধারণ। তবে এ প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
এরপর ট্রাম্প বলেন, “সুপার ইন্টেলিজেন্সের নতুন জগতে স্বাগতম।”
এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন, এআই উন্নয়নের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ অবস্থানে থাকতে হবে। গত সপ্তাহেও তিনি বলেন, “এআইয়ের নিয়ন্ত্রণ যার হাতে, সে-ই জিতবে।”
এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বা নতুন বিধিনিষেধ আরোপের ঘোর বিরোধী ট্রাম্প। এ কারণে জাতিসংঘে জড়ো হওয়া অনেকের অবস্থানের সঙ্গে এ বিষয়ে তার মতপার্থক্য রয়েছে।



















