প্রতিদিন রাতে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে চীন এখনো নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, জাহাজে হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ইরান যেন পুনরায় রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করতে না পারে, সে লক্ষ্যেই সীমিত হামলার পরিকল্পনা নিয়ে ভাবছে ওয়াশিংটন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। প্রতিদিন এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সোমবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ভারত মহাসাগরে একটি তেলবাহী ট্যাংকার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে। তবে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
সূত্র: শাফাক নিউজ














