যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এ পরিস্থিতি রিপাবলিকানদের জন্য উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) রয়টার্স/ইপসোস জরিপে এমন তথ্য উঠে এসেছে। চার দিনব্যাপী চালানো এই জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থন দুই সপ্তাহ আগের তুলনায় ১ শতাংশ কমেছে। তার দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় এই সমর্থন সর্বনিম্ন।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, আজ কংগ্রেস নির্বাচন হলে তারা কোন দলকে ভোট দেবেন। এ প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১২ শতাংশীয় পয়েন্টে এগিয়ে রয়েছেন।
দুই সপ্তাহ আগে একই জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছিলেন। সে সময় ব্যবধান ছিল ৭ শতাংশ।
নতুন এই জরিপের ফল ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার আশা জোরদার করতে পারে। এই দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমার পেছনে নারী ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জরিপে ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, তবে ব্যবধান তুলনামূলক কম।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যার চাপ পড়েছে সাধারণ মানুষের বাজেটে।
অর্থনীতি সামলানোর ক্ষেত্রেও ট্রাম্পের ওপর অসন্তোষ বাড়ছে। জরিপে অংশ নেয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে রিপাবলিকান রয়েছেন ৩৭ শতাংশ।
অর্থনীতি পরিচালনায় কোন দল বেশি দক্ষ—এমন প্রশ্নে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। রিপাবলিকানদের সমর্থন করেছেন ৩৩ শতাংশ।
অনলাইনে পরিচালিত এ জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন।
সূত্র: রয়টার্স




















