ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হেনেছে। বুধবারের (৪ নভেম্বর) এই হামলায় মারাত্মক ক্ষতি করেছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটি এখন অনিরাপদ এবং তিনি আন্তর্জাতিক এয়ারলাইন, কর্মী ও যাত্রীদের মক্কা ও মদিনার ওপরের অংশ ছাড়া সৌদি আকাশসীমা পরিহার করার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেন।
রিয়াদ এলাকা এবং বিমানবন্দরে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা উল্লেখ করে সৌদি আকাশসীমা সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির নির্দেশিকা এখনো বহাল রয়েছে।
পৃথকভাবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় বুধবার পূর্ব আল-জাউফ প্রদেশে অগ্রসর হয়েছে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা আল-জাউফের পূর্বে সেনা সমাবেশের ওপর ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের ভেতরে ও আশপাশে সংঘাত এবং প্রবেশের ওপর বিধিনিষেধের কারণে ১৩ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যার মধ্যে ১৫০০ জনের আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে।
সূত্র: শাফাক নিউজ



















