জাপানের কৃষি খাতে দীর্ঘদিনের তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় টোকিও যখন বহুমুখী পদক্ষেপ নিচ্ছে, তখন দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ ও নেপালের কর্মীরা। দক্ষ বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে নিয়োজিত টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ‘মিরাই’ প্রথমবারের মতো কৃষি কাজের জন্য বাংলাদেশি প্রার্থী যুক্ত করেছে, যা জাপানের শ্রমবাজারে দক্ষিণ এশিয়ার নতুন উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে কর্মী আসার প্রবাহ কমে আসার প্রেক্ষাপটে জাপানি প্রতিষ্ঠানগুলো এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে।
গত আগস্টে জাপানের ‘স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশে মিরাইয়ের একটি সহযোগী স্কুলের দুই শিক্ষার্থী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আওমোরি প্রিফেকচারের একটি কৃষি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। আগামী মাসগুলোতে তাদের জাপানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব কিয়োদো নিউজকে বলেন, জাপানে গিয়ে আধুনিক জাপানি কৃষি সম্পর্কে জানতে তিনি ভীষণ রোমাঞ্চিত এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুরগির যথাযথ যত্ন নিতে চাই। অন্যদিকে, বরিশালের ২০ বছর বয়সী প্রার্থী সিয়াম উর রহমান জাপানে কাজের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সেখানে গিয়ে তিনি কঠোর পরিশ্রম করতে চান এবং তুষার স্পর্শ করার অপেক্ষায় আছেন।
জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কৃষিশ্রমিকের সংখ্যা গত জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এই শ্রেণির কর্মীরা সাধারণত পাঁচ বছর পর্যন্ত জাপানে থাকার সুযোগ পান, যার আওতায় আহসান ও সিয়ামও যোগ দেবেন।
দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জাপানের কৃষি খাতে সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহ করেছে ইন্দোনেশিয়া। যাদের কর্মীর সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জনে পৌঁছেছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি নজরকাড়া—নেপালের শ্রমিক ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জন, শ্রীলঙ্কার ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জন এবং বাংলাদেশের শ্রমিক ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে।
কৃষি, বনায়ন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৩৯ হাজার ২৩৪ জন স্পেসিফায়েড স্কিল্ড বিদেশি কর্মীর ৬০ শতাংশেরও বেশি ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে এলেও বর্তমান প্রেক্ষাপট দক্ষিণ এশীয়দের জন্য নতুন দুয়ার খুলে দিচ্ছে। দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা জানান, ভিয়েতনাম, ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে স্থানীয় মজুরি বাড়তে থাকায় ওইসব অঞ্চল থেকে কৃষি শ্রমিক আকর্ষণ করতে জাপান ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রম সরবরাহের উৎসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দিকে একটি স্পষ্ট পরিবর্তন দেখছি। যদিও বাংলাদেশ বড় কৃষিনির্ভর দেশ নয়, তবু এটি প্রায় ১৭ কোটি জনসংখ্যার একটি কৃষিজ দেশ এবং এর প্রবৃদ্ধির উচ্চ সম্ভাবনা রয়েছে’।
২০১৮ সাল থেকে এশিয়ার বিভিন্ন দেশে মিরাইয়ের মাধ্যমে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও ধরে রাখার কর্মসূচি পরিচালনা করছে সাসটেইনেবল হোল্ডিংস। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমারে প্রতিষ্ঠানটির সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। এসব প্রতিষ্ঠানে ১৮ বছর থেকে শুরু করে ত্রিশোর্ধ্ব বয়সী শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেন। নারীরা সাধারণত পরিচর্যামূলক পেশার দিকে ঝোঁকেন, আর পুরুষেরা কৃষিকাজে আগ্রহী হন।
বাংলাদেশে মিরাইয়ের তিনটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত। ঢাকার প্রতিষ্ঠানটিতে ভাষাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন জাপানি প্রশিক্ষক নরিকো নুর নবি। আহসান ও সিয়াম জাপানি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এটি তার জন্য ‘অনেক বড় আনন্দের’ বিষয়।
কৃষি, বনায়ন ও মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৯ হাজার ২৩৪ জন স্পেসিফায়েড স্কিল্ড বিদেশি কর্মীর ৬০ শতাংশেরও বেশি এসেছে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে। তবে দ্রুত বর্ধনশীল দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর বদলে যাওয়া বাস্তবতা জাপানে দক্ষিণ এশীয়দের জন্য নতুন দুয়ার খুলে দিচ্ছে। সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নরিয়ুকি তাকাকুরা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ তাদের গাম্ভীর্য ও পরিশ্রমের জন্য পরিচিত, যা তাদের উচ্চ মর্যাদা এনে দিয়েছে।
সূত্র: সাইথ চায়না মর্নিং পোষ্ট



















