যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে চাক শুমার আবারও নির্বাচিত হলে তার সঙ্গে কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুমারের নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাকে ব্যর্থ নেতা বলেও সমালোচনা করেছেন তিনি।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। সেখানে তিনি বলেন, শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তার সঙ্গে কাজ করা বেশ কঠিন হয়ে পড়বে। অতীতেও নেতা হিসেবে শুমার ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি। এমনকি তাকে ইতিহাসের অন্যতম খারাপ নেতা বলেও উল্লেখ করেন ট্রাম্প।
নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বর্তমানে সিনেটে সংখ্যালঘু দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ায় আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচনের বিষয়টি এখন দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নির্বাচনে সাফল্য এলেও শুমারের নেতৃত্ব নিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের মতে, দলের নেতৃত্বে তরুণ এবং প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে থাকা নেতাদের আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন।
এদিকে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেনও সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব পাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। তবে শুমারের দাবি, দায়িত্ব চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সমর্থন তার রয়েছে। আগামী মাসে দলীয় আইনপ্রণেতাদের রুদ্ধদ্বার বৈঠকে গোপন ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হবে।
মধ্যবর্তী নির্বাচনের পর নিজের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউস পরিচালনার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এতে তার প্রশাসনের আগামী দুই বছর আরও কঠোর রাজনৈতিক অবস্থান নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে কিছু বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সুযোগও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে দুই দলের মধ্যে সহযোগিতার সম্ভাবনা দেখা যাচ্ছে।
রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিনেসোটা থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর পেগি ফ্লানাগান জানান, দেশের সব নাগরিককে মেডিকেয়ার স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় আনার পক্ষে ট্রাম্প অবস্থান নিয়েছেন।
এ উদ্যোগ বাস্তবায়নে কর্মসূচির নাম ‘ট্রাম্পকেয়ার’ রাখা হলেও তার আপত্তি নেই বলে জানান ফ্লানাগান। একই সঙ্গে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা হিসেবে ক্রিস ভ্যান হলেনকে সমর্থনের কথাও জানান তিনি।
সূত্র: রয়টার্স



















