টানা দুই সপ্তাহ ধরে কমে ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ-এসপিআর)।
মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে অপরিশোধিত তেলের মজুত প্রায় ৫১ লক্ষ ব্যারেল কমে ৩১ কোটি ১৪ লক্ষ ব্যারেলে দাঁড়িয়েছে, যা ১৯৮৩ সালের মার্চের পর সর্বনিম্ন।
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১০ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি কমেছে। আন্তর্জাতিক জরুরি তেল ছাড় কর্মসূচির অংশ হিসেবে মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে ওয়াশিংটন।
ইরানকে ঘিরে সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১৩ কোটি ৩০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে গত ১০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৌশলগত তেল মজুত মিলিয়ে মোট মজুত ছিল ৭২ কোটি ৬২ লাখ ব্যারেল, যা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন। ১৭ জুলাই শেষ হওয়া সপ্তাহের হালনাগাদ তথ্য আগামী বুধবার প্রকাশ করা হবে।
১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকটের পর যুক্তরাষ্ট্র এই কৌশলগত তেল মজুত গড়ে তোলে। বর্তমানে মেক্সিকো উপসাগরীয় উপকূলের ভূগর্ভস্থ লবণ গুহায় তেল সংরক্ষণ করা হয়, যার সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৭১ কোটি ৪০ লাখ ব্যারেল।




















