ভোলার মনপুরা উপজেলায় লোকালয়ে চলে আসা একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়দের সহযোগিতায় অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া হরিণটিকে পর্যবেক্ষণ শেষে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের বাতানখালি এলাকা থেকে প্রায় ২৫ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লোকালয়ে হঠাৎ হরিণটিকে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে এটি বনের দিকে ফিরে না যাওয়ায় স্থানীয়রা নিরাপদে হরিণটিকে আটক করে বন বিভাগকে খবর দেন। পরে মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন।
বন বিভাগের ধারণা, সাম্প্রতিক কয়েক দিনের জোয়ারে মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের সংরক্ষিত বনাঞ্চল থেকে ভেসে এসে হরিণটি লোকালয়ে আটকা পড়ে।মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, উদ্ধার হওয়া হরিণটি একটি প্রাপ্তবয়স্ক হরিণী এবং এটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।


























