ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলন শেষে মালদ্বীপ সফরে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) দেশটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমসহ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে আজ ২৫ থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। এ সফরে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরকালে ড. খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হবে।এছাড়া, দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।


























