চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৯টি স্বর্ণের বারসহ মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি। উদ্ধার করা এই স্বর্ণের ওজন প্রায় ৭ কেজি (৬ কেজি ৯৬৮ গ্রাম), যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে সীমান্তের পারকৃষ্ণপুর এলাকা থেকে এই স্বর্ণের বিশাল চালানটি জব্দ করা হয়। আটক রবিউল ইসলাম দর্শনা থানার ছয়ঘরি গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, দর্শনা সীমান্তের পারকৃষ্ণপুর গ্রাম দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে এমন গোপন সংবাদ পায় বিজিবি। খবর পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ টহল দল পারকৃষ্ণপুর রাস্তার পাশে অবস্থান নেয়।
বিকেল ৫টার দিকে এক ব্যক্তি সন্দেহভাজন অবস্থায় সীমান্ত এলাকার দিকে যেতে থাকলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহল দলের সদস্যরা ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, এটি চলতি বছরে আমাদের উদ্ধার করা সবচেয়ে বড় স্বর্ণের চালান। জব্দকৃত ৬ কেজি ৯৬৮ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা। আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি এবং উদ্ধারকৃত স্বর্ণ জেলা ট্রেজারিতে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

























