বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (একাংশ)। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার তাকে শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা বলেন, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল দেশের সব রাজনৈতিক দল, মত ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জাতীয় পার্টির নেতারা আশা প্রকাশ করেন।
বিবৃতিতে তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির যে প্রত্যাশা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের সর্বস্তরে সমন্বয় ও ঐক্যের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন বলে তাঁরা বিশ্বাস করেন।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তার দায়িত্বকালে বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


























