রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় বাসিন্দা দ্রোনোচার্য চাকমার ছেলে।
নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, টানা দুই দিনের বৃষ্টিতে মঙ্গলবার সকাল প্রায় ৮টার দিকে তাদের বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। পরে লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে ওপর থেকে গাছের গুঁড়িসহ আবারও মাটি ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা গাছ ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান।
ঘটনার পর বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে বলে জানান।এদিকে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।























