বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কীর্তিটা ২৫ বছর ধরে তারই রয়েছে। এছাড়া কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক সেঞ্চুরি করেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন ছেড়ে আশরাফুল বর্তমানে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিও বার্তায় ২৫ বছর আগে জিম্বাবুয়ে সফরের কথা স্মরণ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘২০০১ সালে যখন এসেছিলাম, তখন হারারেতে থাকতো সাত বাংলাদেশি পরিবার। তারা আমাদেরকে দাওয়াত দিতেন। ভাত ছাড়া তো থাকতেই পারি না। ডিনারের জন্য আমাদের দাওয়াত দিতেন তারা। প্রত্যেকবারই সাত জনের একজন ছিলাম আমি।’
জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালের এপ্রিলে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আশরাফুলের। ১২ বছর খেলেছিলেন বাংলাদেশের জার্সিতে। ২৫ বছর পর এবার জিম্বাবুয়ে সফরে কোচ হিসেবে যাওয়া আশরাফুলের মনে পড়ছে তার খেলোয়াড়ি জীবনের স্মৃতি।
বিসিবির ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচ বলেন, ‘২০০১ সালের এপ্রিলে বাংলাদেশের হয়ে অভিষেক হয়। প্রথম দেশের বাইরে সফর ছিল সেটা। অন্য রকম এক অনুভূতি। তখন এসেছিলাম ক্রিকেটার হিসেবে। প্রথম ম্যাচ খেলতে নেমেছিলাম। এবার কোচিং স্টাফের সদস্য হয়ে এই ড্রেসিংরুমে আসতে পেরে অনুভূতি রয়ে গেছে একই। ২৫ বছর আগে বুলাওয়েতে যেরকম অনুভূতি ছিল, এবার এখানে আসতে পেরে ভালো লাগছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচটা আশরাফুলের জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ৩৬ রানে হেরেছিল বাংলাদেশ। গ্রান্ট ফ্লাওয়ার ১২৮ বলে ১৪২ রান করে হয়েছিলেন ম্যাচসেরা। আশরাফুল সেই ম্যাচে ৮ বলে ২ চারে ৯ রান করেছিলেন।
২৫ বছর আগের ঘটনা মনে করে আশরাফুল বলেন, ‘‘সারোয়া ইমরান স্যারের কথা মনে পড়ছে। আমাকে তিনি বলেছিলেন, ‘বেশি হলে তুমি ৯ রান করবে।’ আমি ৯ রানই করেছিলাম। আউট হওয়ার পর যখন ফিরছিলাম, তখন আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘কী! হাসছো কেন?’ আমি বলেছিলাম, ‘স্যারই যদি বলেন ৯ রান করতে, ৯ রানের বেশি কীভাবে করি।’’


























