টাঙ্গাইলের সখীপুরে দুলু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের একটি ধানক্ষেতের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।
দুলু মিয়ার প্রথম স্ত্রী আছমা বেগমের অভিযোগ, প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী জরিনা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। পরে তাঁদের বিচ্ছেদ হলেও দুলু মিয়ার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। বারবার নিষেধ করার পরও তিনি যাতায়াত বন্ধ করেননি। আছমা বেগমের দাবি, দ্বিতীয় স্ত্রীর পক্ষের লোকজনই তাঁর স্বামীকে হত্যা করেছেন।
তবে দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম দাবি করেন, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



















