বঙ্গোপসাগরসংলগ্ন পূর্ব সুন্দরবনের পৃথক এলাকা থেকে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বন বিভাগ।
জানা গেছে, সাগরে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরতে থাকা কয়েকটি ফিশিংবোট নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে সেখানে একদল সশস্ত্র দস্যু হামলা চালিয়ে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাদের মারধরও করা হয় বলে অভিযোগ রয়েছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক জেলে মহাজন জানান, দস্যুরা মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়। সব মিলিয়ে পাঁচ জেলেকে অপহরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অপহৃত জেলেরা হলেন—শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।
শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। শনিবার রাত ৮টার দিকে সশস্ত্র দস্যুরা জেলেবহরে হামলা চালিয়ে পাঁচজনকে তুলে নিয়ে যায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, পাঁচ জেলেকে অপহরণের বিষয়টি জানার পর তাদের উদ্ধারে সহায়তার জন্য কোস্টগার্ড পশ্চিম জোনকে অবহিত করা হয়েছে।
অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


























