প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থী সপ্তাহে দুদিন ছুটি দাবি জানিয়েছেন। এর উত্তরে তাৎক্ষণিক কোনো প্রতিশ্রুতি না দিলেও সংশ্লিষ্টদের বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী বলেন, সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই তাদের ক্লাস ও পরীক্ষা থাকে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা ক্লাস-পরীক্ষার পর সপ্তাহে মাত্র এক দিনের ছুটি মেলে, আর সেই সময়ের বেশির ভাগই পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় হয়ে যায়।
তিনি আরও বলেন, এমন ব্যস্ততার কারণে শিক্ষার্থীদের কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং শেখার আগ্রহ কমে যায়। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে, যা অনেক ক্ষেত্রে হতাশার কারণ হয়ে দাঁড়ায়।
এ সময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্যও সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালুর অনুরোধ জানান ওই শিক্ষার্থী।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আপনাদের বিষয়, একটি টেকনিক্যাল বিষয়। আমি জানি না এটা ওভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয়, এটা বোধহয় উনাদের। উনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। অবশ্য বলা যায়, আমিও সপ্তাহে সাত দিন কাজ করি।’
আলোচনার শেষদিকে প্রধানমন্ত্রী হালকা রসিকতার সুরে বলেন, ‘তবে একটা কথা বলতে পারি, আমিও সপ্তাহে সাত দিন কাজ করি।’


























