জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। এই প্রোটিয়া কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদে দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
মূলত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে মাকেতাকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ২০২৭ বিশ্বকাপ নিয়ে বিসিবির লক্ষ্য অনেক বড়। আফ্রিকান কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রাখেন এই প্রোটিয়া কোচ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে দীর্ঘদিন কাজ করেছেন মাকেতা।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মাকেতা। ২০১৯ বিশ্বকাপে প্রোটিয়া দলের কোচিং স্টাফের সদস্যও ছিলেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সফল দ্বিপাক্ষিক সিরিজেও দলের সঙ্গে কাজ করেছেন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির হেড কোচ ছিলেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছেন। তার অধীনে ২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়। এর আগে তার অধীনে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল।
বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেওয়ায় উচ্ছ্বাসিত মাকেতা। বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি তরুণ ও সম্ভাবনাময় দল রয়েছে। ফিল (সিমন্স) ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। খেলোয়াড়দের সেরাটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করাই আমার লক্ষ্য।’


























