ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতাং যাওয়ার পথে জাভা সাগরে ২৪১ যাত্রী বহনকারী একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে সকালে সেটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
দক্ষিণ কালিমানতাং প্রদেশের বাঞ্জারমাসিন শহরের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তারা ঘটনাটি জানতে পারে। জাহাজটি পূর্ব জাভা প্রদেশের রাজধানী ও ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতাংয়ের বাঞ্জারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল।
অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায়। প্রাথমিকভাবে জানা গেছে, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল।
উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে শনাক্ত করা হয়েছে। বাঞ্জারমাসিনের একটি জেটি থেকে ওই স্থানটির দূরত্ব প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল। জাহাজটির যাত্রী তালিকা অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি কর্তৃপক্ষকে জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’ শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে যাত্রা শুরু করে।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বাঞ্জারমাসিনের বাসিরিহ অনুসন্ধান ও উদ্ধার জেটিতে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’-এর সর্বশেষ সম্ভাব্য অবস্থানের দিকে রওনা হয়েছে।
সুদায়ানা বলেন, জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় তাদের সন্ধানে হাতে থাকা সব জনবল ও সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। জাহাজটির সন্ধানে সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।
উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি জাভা সাগরের ওই এলাকার আবহাওয়ার পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



















