জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘টাইফুন দুজুয়ান’ ধেয়ে আসায় কান্তো অঞ্চল এবং পূর্ব জাপানের বিভিন্ন অংশে মুষলধারে বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া সংস্থার বরাতে রয়টার্স এই তথ্য নিশ্চিত করে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানিয়েছে, টাইফুন দুজুয়ান দিনের শেষের দিকে টোকিও মহানগর এলাকার কাছাকাছি দিয়ে অতিক্রম করতে পারে, যার ফলে আবহাওয়ার দ্রুত অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচার এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে শনিবার থেকে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়টি টোকিও ও আশপাশের এলাকা নিয়ে গঠিত কান্তো অঞ্চলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে।
টাইফুনের কারণে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টিং প্রতিযোগিতা স্থগিত করে মঙ্গলবার পুনর্নির্ধারণ করেছেন আয়োজকরা।
আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে, কান্তো এবং মধ্য জাপানের ওপর রৈখিক বৃষ্টির রেখা বা ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে উদ্বেগ বাড়ানো এই রৈখিক রেখার কারণে কোনো নির্দিষ্ট সংকীর্ণ এলাকায় কয়েক ঘণ্টা ধরে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও অন্যান্য দুর্যোগের আশঙ্কা বহুলাংশে বাড়িয়ে দেয়।
সূত্র: রয়টার্স



















