সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান (সচিবালয় নিরাপত্তা শাখা) স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন।
সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আগত ও ওটিপির মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন।
এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠভাবে পর্যবেক্ষণ ও তদারকি করতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
এ পরিপ্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করার নিমিত্তে কিছু নির্দেশনা নির্দেশক্রমে দেওয়া হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে- সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের তারিখগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখা; বর্তমানে দর্শনার্থী প্রবেশের সময় ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দেওয়া; সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া ও ছুটিতে গমণকারী কর্মকর্তাদের ওই সময়ের জন্য তাদের ওটিপি দেওয়া বন্ধ রাখা।


























