আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের উদ্বোধনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ। এবারের আসরে ২২টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এ উপলক্ষে সংশ্লিষ্ট ২২ ডিসিপ্লিনের ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামীকাল বিকেলে বৈঠকে ডেকেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিতব্য এই সভায় এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহেও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে সেই সভার মূল আলোচ্য ছিল নতুন গঠিত কমিটিগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা এবং নির্বাচনসংক্রান্ত বিষয়। নতুন গঠিত ২৭টি ফেডারেশনের এডহক কমিটির বাইরেও ফুটবল ও ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে। তাই আগামীকালের বৈঠকে এই দুই ডিসিপ্লিনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকালের সভার মূল বিষয়বস্তু থাকবে এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রস্তুতি।এশিয়ান গেমসের কয়েকটি ডিসিপ্লিনের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে জটিলতা ছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই সমস্যা সমাধানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করেছেন। অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এশিয়ান অলিম্পিকে আলোচনার পর কার্ড জটিলতা এখন সমাধানের পথে।


























