ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। শুক্রবার (৩১ জুলাই) তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এই পরিকল্পনাকে ফুটবলের জন্য ‘খারাপ চুক্তি’ বলে আখ্যা দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) ফিফা ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি নতুন বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠান ভবিষ্যতে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।
ফিফার এমন প্রস্তাবের প্রতিবাদে সংস্থাটির অধীনে থাকা উয়েফার ৫৫টি সদস্যদেশ (অ্যাসোসিয়েশন) একযোগে ভোট দিয়ে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। অন্যদিকে, কনক্যাকাফও জানিয়েছে, তাদের ৪১টি সদস্যদেশ এ পরিকল্পনা একবাক্যে ‘প্রত্যাখ্যান’ করেছে। এরপর এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।
এমন চাপের মধ্যেই পদত্যাগ করেন কর্দেইরো। ২০২১ সালে ইনফান্তিনোর উপদেষ্টা হিসেবে যোগ দেওয়া সাবেক এই ব্যাংকার এক বিবৃতিতে বলেন, ‘ফিফা সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা, সাবেক ব্যাংকার এবং আজীবনের ফুটবলপ্রেমী হিসেবে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনার সময় আমি নীরব থাকতে পারি না।’
তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাব তৈরিতে আমার কোনো ভূমিকা ছিল না এবং আমি এর দ্ব্যর্থহীন বিরোধিতা করছি। এটি ফিফার সদস্য দেশগুলোর জন্য খারাপ, ফুটবলের জন্য খারাপ এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্যও ক্ষতিকর একটি চুক্তি।’
কর্দেইরো বলেন, ‘ফুটবল আমার জীবনের বড় অংশ। ব্যাংকিং খাতে ৩৫ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি এই সম্পদের মূল্য এবং এর একটি অংশ ছেড়ে দেওয়ার পরিণতি খুব ভালোভাবেই বুঝি। তাই এই প্রস্তাব অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত।’


























