ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে জড়ানোর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।
মঙ্গলবার (২১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্মোটরিচ বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে যে সংঘাত চলছে, সেটিই ইসরায়েলের জন্য সবচেয়ে উপযুক্ত। এ সংঘাতে নিজেদের সরাসরি সম্পৃক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই।
তিনি আরও বলেন,বর্তমান পরিস্থিতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে, সেটিই আমাদের জন্য সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা বাড়লেও ইসরায়েল এ সংঘাতে তুলনামূলকভাবে দূরে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের যুদ্ধবিরতির পর কূটনৈতিক আলোচনা চলাকালে ওয়াশিংটন তেল আবিবকে সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল।
এদিকে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা বেশিদিন টেকেনি। সমঝোতা ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।



















