গাজীপুরের শ্রীপুরে দুই অবুঝ সন্তানের সামনে তাদের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সোহরাব হোসেন (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযুক্ত সোহরাব হোসেন নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পানের ব্যবসা করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাসাভাড়া বকেয়া থাকায় ওই নারীকে তাঁর দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালিক। আশ্রয়হীন হয়ে পড়া নারী তাঁর দুই ছেলেকে নিয়ে মাওনা উড়ালসেতুর নিচে বসে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত সোহরাব তাদের আশ্রয়ের আশ্বাস দিয়ে মাওনা চৌরাস্তার পানের আড়তের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই সন্তানের সামনেই অসহায় ওই নারীকে ধর্ষণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামি সোহরাবকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ডাক্তারি ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।


























