আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান সম্প্রতি গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের তাণ্ডবে ওই এলাকার ভয়াবহ পরিস্থিতির কথা বলেন।
তিনি বলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে, সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রাশেদ খান বলেন, গোপালগঞ্জে পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যে বিশাল সাপ্লাই চেইন, সেটাও নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।
পোস্টে তিনি সবচেয়ে উদ্বেগের বিষয় উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদেরকে এখন গোপালগঞ্জে নিরাপদ মনে করছে না এবং স্বাভাবিক দায়িত্ব পালন করার ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়া থানা পুড়িয়ে দেওয়ার ফলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না।
এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভবপর হচ্ছে না। এতে করে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ- অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় যে, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ৭৪ এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে।

সবশেষে তিনি বলেন, এমতাবস্থায় গোপালগঞ্জের এহেন অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
গোপালগঞ্জের জনগণ যতদ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে ততদ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, ইনশাআল্লাহ।


























