দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব উপযোগী স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে হবে।
সৌরবিদ্যুৎ স্থাপনে দুটি পদ্ধতি অনুসরণ করা যাবে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ মডেলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।
নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।


























