নিরাপত্তাশঙ্কার কারণে কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দলকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তার আলোকে প্রাক্-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তিনটি দল ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।
চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানায়, তারা গতকালই খেলোয়াড়দের ক্লাবগুলোকে বিষয়টি জানিয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত মাসে কাতার নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যেফ দেশটিতে যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ৪৮ দলের এই টুর্নামেন্ট। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এরপর ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
গত বছরও কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল দলটি। আগামী ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতারেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার।





















