সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন বড় জয়ের পর দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে চলমান সাফ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন।
তবে সাদকে নিয়ে আরও বড় শঙ্কার কথা জানিয়েছেন জামাল ভূঁইয়া। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।
পরীক্ষায় সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তার।
এ দিকে সাদকে নিয়ে বড় শঙ্কার কথা জানিয়েছেন জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কিংস অ্যারেনায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি শুনলাম সাদের অ্যাকিলিস (টেন্ড) ওইটা ছিঁড়ে গেছে, তাই কমপক্ষে এক বছর বাইরে থাকবে।’ সাদের বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও বলেছেন জামাল। তিনি বলেন, ‘সাদ চোট পেয়েছে। অবশ্যই তার জায়গায় বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয়ও সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডকেই দরকার।’


























