ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা পুরো অর্থসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়ের বিবরণ অনুযায়ী, অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার এই সম্পূর্ণ অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রতারণার দায়ে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেছেন, আসামির মূল কারাদণ্ডগুলো একটির পর একটি কার্যকর হবে। ফলে তাকে মোট (১০+৫+৫) ২০ বছর কারাভোগ করতে হবে। তবে মামলার তদন্ত ও বিচার চলাকালে আসামি ইতোমধ্যে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তার মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ব্যাংকটির তৎকালীন অপারেশন ম্যানেজার এমরান আহমেদকে খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। এ বিষয়ে ক্যাশ ইন-চার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই অর্থ সরিয়ে আত্মসাতের কথা স্বীকার করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবেই ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।
এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক এবং শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়েছিল।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।


























