গেল টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিড পেয়েছে ভারত। এমন চাপের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। চার বাঁচাতে গিয়ে চোট পেয়েছেন দীনেশ চান্ডিমাল। সতর্কতামূলক স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের শট ঠেকাতে ডিপ মিড উইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দ্রুত ছুটে যান চান্ডিমাল। এরপর বলটি আটকাতে তিনি মাটিতে অনুভূমিকভাবে ঝাঁপ দেন। দুই রান বাঁচাতে পারলেও মাটিতে পড়ে তার কাঁধে জোরে আঘাত লাগে। একই সঙ্গে শরীর উল্টে যাওয়ার সময় ঘাড় ও কাঁধে অস্বাভাবিক চাপ পড়ে।
সীমানার ওপাশে পড়ে যাওয়ার পরপরই চান্ডিমালকে বেশ অস্বস্তিতে দেখা যায়। দলের সতীর্থদের পাশাপাশি ফিজিও ও চিকিৎসক দ্রুত তার কাছে ছুটে যান। এ সময় কয়েকবার ঘাড়, মাথা ও কাঁধ ধরে রাখতে দেখা যায় চান্ডিমালকে।
কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়েন চান্ডিমাল। তার বদলি হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা। হাসপাতালে চান্দিমালের স্ক্যান করা হবে।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন চান্দিমাল। স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ভারত প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড নেয়। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে ভারত। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের চেয়ে ২৯৪ রানে এগিয়ে সফরকারীরা।


























