এক বছরে শাহরুখ খানের আনুমানিক সম্পদের হিসাবে বড় পরিবর্তন এসেছে। ২০২৫ সালের তুলনায় এবার তার সম্পদের পরিমাণ ২ হাজার ৪৯০ কোটি রুপি কম দেখানো হলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন বলিউডের এই তারকা।
২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান। তালিকায় তার আনুমানিক সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১০ হাজার কোটি রুপি। ২০২৫ সালের তালিকায় এই পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি।
তবে তালিকায় সম্পদের পরিমাণ কম দেখানো মানেই শাহরুখ এক বছরে ২ হাজার ৪৯০ কোটি রুপি হারিয়েছেন, এমন নয়। হুরুনের হিসাব বিভিন্ন ব্যবসা, বিনিয়োগ ও সম্পদের আনুমানিক মূল্যায়নের ওপর নির্ভর করে। বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মূল্যায়নে পরিবর্তন হলে মোট সম্পদের হিসাবেও বড় পার্থক্য দেখা দিতে পারে।
শাহরুখের সম্পদের মধ্যে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ব্যবসায়িক স্বার্থ রয়েছে। এ ছাড়া জমি-বাড়ি, বিনিয়োগসহ অন্যান্য সম্পদের মূল্যও হিসাবের অন্তর্ভুক্ত। এর আগে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল।
এবারের তালিকায় শাহরুখের পর অভিনেতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।
সালমান খানের আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। অন্যদিকে হৃতিক রোশনের সম্পদের পরিমাণ ধরা হয়েছে ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। ফিটনেস ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড এইচআরএক্সও হৃতিকের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ।
এবারের তালিকায় জুহি চাওলা ও কারাণ জোহরের নাম নেই। ২০২৫ সালের তালিকায় জুহি চাওলার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং কারাণ জোহরের ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি।
চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিরাও এবারের তালিকায় জায়গা পেয়েছেন। ‘রামায়ণ’ সিনেমার প্রযোজক নমিত মালহোত্রার বাবা নরেশ মালহোত্রার আনুমানিক সম্পদের পরিমাণ ১৬ হাজার কোটি রুপি। এ ছাড়া প্রযোজক ভূষণ কুমার, রনি স্ক্রুওয়ালা ও কালানিথি মারানের নামও রয়েছে তালিকায়।
এদিকে সম্পদের হিসাবের পাশাপাশি শাহরুখের ভক্তদের নজর এখন তার নতুন সিনেমা ‘কিং’-এর দিকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খান। রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও জ্যাকি শ্রফকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস


























