পশ্চিমবঙ্গের সাংবাদিকদের মাসিক পেনশন দ্বিগুণ বৃদ্ধি, বছরে ৫ লাখ রুপি পর্যন্ত চিকিৎসাসুবিধা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এককালীন আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যে প্রাকৃতিক ও আকস্মিক দুর্যোগ দ্রুত মোকাবিলার লক্ষ্যে ‘অর্জুন বাহিনী’ নামে একটি নতুন বিশেষ দল গঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসব ঘোষণা দেন।
নবান্নের সভাগৃহে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতা ও বিভিন্ন জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের এককালীন তিন হাজার রুপি করে উৎসব অনুদান দেওয়া হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশনের পরিমাণ ২ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৫ হাজার রুপিতে উন্নীত করা হয়েছে। আগে খুব সীমিতসংখ্যক প্রবীণ সাংবাদিক এই সুবিধার আওতায় থাকলেও এখন থেকে রাজ্যজুড়ে সব যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিক এ পেনশনের সুবিধা পাবেন।
গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় ‘আয়ুষ্মান ভারত’ অথবা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় প্রতিটি সাংবাদিক পরিবার প্রতিবছর সর্বোচ্চ পাঁচ লাখ রুপি পর্যন্ত চিকিৎসাসুবিধা পাবে। পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের প্রায় ১ হাজার ৯০০টি খ্যাতনামা সরকারি ও বেসরকারি হাসপাতালে এই চিকিৎসাসেবা কার্যকর থাকবে। এর পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার যোগ্য সাংবাদিকদের দ্রুত কার্ড হস্তান্তরেরও আশ্বাস দেন তিনি।
এদিকে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে নবগঠিত ‘অর্জুন বাহিনী’র রূপরেখা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে সর্বোচ্চ ৪০ বছর বয়সী ২০০ জন অবসরপ্রাপ্ত সেনা ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে এই বিশেষ বাহিনীর যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী পর্যায়ে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১০০ জনকে কলকাতায়, ৫০ জনকে পাহাড়ি অঞ্চলে এবং বাকি ৫০ জনকে সুন্দরবন এলাকায় মোতায়েন করা হবে; পরবর্তীতে রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও এর পরিধি বাড়ানো হবে। নবগঠিত এই বাহিনীর মাঠপর্যায়ের সদস্যদের পদবি হবে ‘বীর’ এবং তাঁদের মাসিক বেতন ধরা হয়েছে ২৫ হাজার রুপি। অন্যদিকে উচ্চপর্যায়ের সদস্যরা ‘বীর নায়ক’ পদবিতে মাসিক ৪০ হাজার রুপি বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।




















