চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের তৃতীয় ম্যাচডেতে পার্ক দে প্রাঁসে নামছে পিএসজি ও বার্সেলোনা। দুই দলই আছে দারুণ ছন্দে। তাই লড়াইটা হবে একেবারে সমানে সমান। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জিতে চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। এই ১১ ম্যাচে ৯ গোল ও ১০ অ্যাসিস্টে করে দুর্দান্ত ছন্দে আছেন লামিনে ইয়ামাল। তাই বার্সার জয়রথ থামাতে ইয়ামালকেও আটকাতে হবে পিএসজিকে।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার কাছ থেকে বল দূরে রাখা। সে যদি বল না পায়, সবকিছু ঠান্ডা থাকবে। এটাই হবে আদর্শ, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে না। কারণ বার্সেলোনা ও লামিন ইয়ামালের বিপক্ষে খেলা কঠিন।’
তিনি আরও বলেন, ‘তাদের মানের দলকে প্রতিহত করার উপায় হলো সতর্ক থাকা এবং দলগত খেলা। কিন্তু এটা শুধু লামিনে নয়, রাফিনিয়া, পেদ্রি আরও অনেক সেরা খেলোয়াড় আছে।’
প্রায়শই লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করা হয়। তিনিও একই পজিশন ও একই ১০ নম্বর জার্সিতে খেলেন। কিন্তু বার্সায় মেসির কোচ হিসেবে থাকা এনরিকে এমন তুলনায় আপত্তি জানালেন।
তিনি বলেন, ‘আমি মনে করি লামিন লামিন হতে চায় এবং সে খুব ভালো করছে। খেলার সবদিক থেকে সে উন্নতি করছে। কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে যদি তাকে তুলনা করেন, তাহলে একজনই বিজয়ী হবে। সম্ভবত আমরা এনিয়ে ভবিষ্যতে কথা বলতে পারি। কিন্তু ঠিক এখন মেসির সঙ্গে তাকে তুলনা করা ভালো ব্যাপার নয়।’


























