চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের আহ্বান জানিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করেছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। সাংবাদিক রাজুর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় এ কর্মসূচির। কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।কর্মসূচিতে যোগ দিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে না পারেন, তাহলে সাধারণ মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবেন। একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা মানে শুধু একজন ব্যক্তিকে অপমান করা নয় বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর আঘাত করা।বক্তারা উল্লেখ করেন, তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না। একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।
কর্মসূচিতে সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকেও পরীমণির আচরণের নিন্দা জানানো হয়। পরে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা পরীমণির ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
এর আগে, গত ৫ নভেম্বর জামিন পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর ওপর চড়াও হন পরীমণি।


























