মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং কর্মীদের নিয়মিত প্রকাশ্যে অপমান করতেন। পাশাপাশি তাদের মারধর ও হত্যার হুমকিও দিতেন তিনি। এমনকি কর্মীদের মানসিকভাবে বিপর্যস্ত করে রাখার পাশাপাশি অধীনস্থদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন হুয়াং।
শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে গত প্রায় দুই দশক ধরে এনভিডিয়ায় চলে আসা হুয়াংয়ের আগ্রাসী ব্যবস্থাপনা সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়।
জানা যায়, দুই বছর আগে এক ঘরোয়া আলোচনা অনুষ্ঠানে নিজের ব্যবস্থাপনা কৌশল নিয়ে খোলামেলা কথা বলেছিলেন হুয়াং। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি বরং আপনাকে নির্যাতন করে মহান করে তুলতে চাই, কারণ আমি আপনার ওপর বিশ্বাস রাখি।’
এর আগে, গত ৩৩ বছরে একটি সাধারণ গ্রাফিকস চিপ নির্মাতা প্রতিষ্ঠানকে বিশ্বের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন হুয়াং। তবে প্রতিষ্ঠানের এই সাফল্যের আড়ালে কর্মীদের সঙ্গে তার আচরণ নিয়ে উঠে এসেছে গুরুতর অভিযোগ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অধীনস্থ কর্মীদের সামনেই বিভাগীয় প্রধান ও ব্যবস্থাপকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন হুয়াং।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, একবার একটি সভাকক্ষে ঘুরে ঘুরে উপস্থিত ব্যবস্থাপকদের একে একে ‘মেরে ফেলার’ হুমকি দিয়েছিলেন তিনি।
এমনকি সত্তরোর্ধ্ব এক কর্মীর সামনে দাঁড়িয়ে তাকে অত্যন্ত বৃদ্ধ বলে মন্তব্য করে হুয়াং বলেন, ‘সবাই অপেক্ষা করছে, ওই কর্মী কখন মারা যাবেন।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক কর্মীকে উদ্দেশ করে হুয়াং বলেছিলেন, তার মায়ের উচিত ছিল তাকে গর্ভপাত করানো। আরেক কর্মীকে মাথা ছিঁড়ে ‘মস্তিষ্কে প্রস্রাব করার’ হুমকি দিয়েছিলেন তিনি। অন্য এক অধীনস্থকে বলেছিলেন, তার দুই হাত শরীর থেকে ছিঁড়ে সেগুলো দিয়েই পিটিয়ে মেরে ফেলবেন।
একবার রাগের মাথায় এক নির্বাহীর দিকে পানির বোতলও ছুড়ে মারেন হুয়াং। এনভিডিয়ার তৎকালীন বিশ্বব্যাপী ফিল্ড অপারেশনস বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জয় পুরিকে তিনি বলেছিলেন, ‘আমি আশা করি তোমার ফ্লু হবে এবং তা আরও গুরুতর আকার ধারণ করবে। আমি চাই তুমি মারা যাও, যাতে আমাদের সবাইকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারো।’
হুয়াংয়ের আচরণ নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষের সূত্রপাত অন্তত ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে। ২০০৫ সালে এনভিডিয়ার মানবসম্পদ বিভাগের সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মাইকেল উইনস্টন হুয়াংয়ের আচরণের প্রতিবাদ করায় চাকরি হারান বলে অভিযোগ রয়েছে।
প্রায় ৫০ জন কর্মীর উপস্থিতিতে দুই দিনব্যাপী এক কর্মশালায় তাদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছিলেন হুয়াং। তিনি বলেছিলেন, ‘তোমাদের এটা করতেই হবে, নইলে তোমাদের কলিজা ছিঁড়ে বের করে পায়ের নিচে পিষে ফেলব।’
সে সময় উইনস্টন তার ব্যক্তিগত নোটে লিখেছিলেন, হুয়াং মনে করেন, তিনি যা ইচ্ছা করতে পারেন এবং তার পরও পার পেয়ে যাবেন। কর্মীরা তার কাছে এসে প্রতিকার চাইছিলেন এবং তারা চরম আতঙ্কের মধ্যে ছিলেন।
জানা যায়, এনভিডিয়ার ব্যবসা যত বড় হয়েছে এবং কর্মীরা শেয়ার থেকে বিপুল অর্থ উপার্জন করে ধনী হয়েছেন, ততই তাদের প্রতি হুয়াংয়ের আচরণ আরও কঠোর হয়েছে।
একপর্যায়ে কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, অর্থ দিয়ে যখন তাদের আর উদ্বুদ্ধ করা যাচ্ছে না, তখন অপমান করেই তাদের কাজ করাতে হবে।
তবে কর্মীদের সঙ্গে হুয়াংয়ের এমন আচরণের অভিযোগ সামনে এলেও তাদের অনেকের কাছে তিনি এখনো জনপ্রিয়। তাকে আবার সিইও পদে ফিরিয়ে আনার দাবিতে অনলাইনে চালু হওয়া একটি পিটিশনে দুই লাখের বেশি মানুষ সই করেছেন।
তবে এ দাবি নাকচ করে দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটির বর্তমান অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেসও অতীতে এক বৈঠকে হুয়াংয়ের তীব্র অপমানের শিকার হয়েছিলেন। হুয়াংকে ছাড়া অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় কর্মীদের অতীতের ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।



















