অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য পরিবহনগুলোর বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতি ও ঢাকাগামী পরিবহনগুলোর প্রতিনিধিরা পরস্পরকে দোষারোপ করছেন।
ঢাকাগামী দেশ ট্রাভেলসের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম বলেন, আগে প্রতিটি ঢাকাগামী বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা করে চাঁদা নিত। কিন্তু বুধবার সকাল থেকে বাসপ্রতি ১৫০ টাকা দাবি করা হচ্ছে। এ কারণে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্য পরিবহনের প্রতিনিধিরাও জানান, আগে নির্ধারিত হারে চাঁদা দেওয়া হলেও এখন অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। এ কারণে মালিকেরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। সমস্যার স্থায়ী সমাধানে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর ট্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াই শ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এ কারণে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য বাসপ্রতি ১৫০ টাকা দাবি করা হয়েছে। কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকলেও অন্য বাসের চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা বিকল্প পরিবহনে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন।


























