হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও বিচার না করে এস আলমের মতো দুর্নীতিবাজ প্রতিষ্ঠানকে সরকার পুনর্বাসন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এর সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত বলেও দাবি তার।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উচ্চপদস্থ আমলা আর মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবন-মান উন্নয়নে রাষ্ট্র যথেষ্ট আন্তরিক নয়।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকতা পেশাকে প্রায়োরিটি লিস্টের একদম নিম্ন পর্যায়ে রেখে জাতিগঠন কখনোই সম্ভব না।’
হাসনাত অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে ভাবনা নেই। শিক্ষকরা চান তাদের সংকট যেন সংসদে তুলে ধরা হয়।
এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।


























