রাজধানীর বাজারে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম বাড়তি থাকায় ভোক্তাদের খরচ বেড়েছে। প্রায় তিন সপ্তাহ আগে এসব চালের দাম কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত বাড়ানো হয়। এরপর থেকে নতুন করে দাম না কমায় বাড়তি দরেই কিনতে হচ্ছে ক্রেতাদের। বিপরীতে গত দুই সপ্তাহে মুরগি ও ডিমের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে এ দুই পণ্যের বাজারে।
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। তবে মৌসুম শেষের পথে থাকায় কয়েক ধরনের গ্রীষ্মকালীন সবজি এখনো বেশি দামে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে।
চালে বাড়তি দাম
বাজারের বিক্রেতারা জানান, গত সপ্তাহে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছিল। একই সময়ে মিনিকেট চালের দামও কেজিতে এক থেকে দুই টাকা বাড়ানো হয়। গতকালও বাজারে এসব চাল আগের বাড়তি দামেই বিক্রি হতে দেখা গেছে।
বর্তমানে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকা, সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের চাল ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের ভাষ্য, পুরোনো নাজিরশাইল চালের মজুত কমে আসায় দাম বেড়েছে। নতুন মৌসুমের চাল বাজারে এলে দাম কমার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চালকলগুলো নাজিরশাইলের পাশাপাশি মিনিকেটের দামও বাড়িয়েছে।
মুরগি ও ডিমে কমেছে দাম
গত ১৫ দিনে রাজধানীর বাজারে মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির দাম ৩১০ থেকে ৩২০ টাকা এবং কালারবার্ড বা হাইব্রিড সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।
দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির দামও তখন ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। একই সময়ে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। বর্তমানে বাদামি রঙের এক ডজন ডিম কিনতে খরচ হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, শীতকালে মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমে যায়। পাশাপাশি উৎপাদন বাড়ায় বাজারে সরবরাহও বেড়েছে। এ দুই কারণে পণ্য দুটির দাম কমেছে। তবে গরুর মাংসের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গতকাল প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
মাছের দামে নেই স্বস্তি
মুরগি ও ডিমের বাজারে দাম কমলেও মাছের ক্ষেত্রে তার প্রতিফলন নেই। বরং কয়েক ধরনের মাছের দাম বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ এবং কাতলার দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
বাজারে দুই থেকে চার কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাবদা মাছ ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা এবং তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েক মাস ধরেই এসব মাছের দাম প্রায় একই পর্যায়ে রয়েছে।
শীতের সবজিতে স্থিতিশীলতা, চড়া গ্রীষ্মকালীন সবজি
গত সপ্তাহে বৃষ্টির কারণে কয়েক ধরনের সবজির সরবরাহ কমে দাম বেড়েছিল। তবে এক-দুই দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। গতকাল বাজারে ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে।
অন্যান্য সবজির মধ্যে দেশি টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, আমদানি করা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৬০ টাকা এবং কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, মৌসুমের শেষ দিকে থাকায় ঢ্যাঁড়স, বরবটি, করলা ও চিচিঙ্গার দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি বিপণন অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত এক মাসে চিচিঙ্গার দাম প্রায় ৫৮ শতাংশ বেড়েছে। একই সময়ে ঢ্যাঁড়সের দাম ৫৫ শতাংশ, বরবটির ৫৪ শতাংশ এবং করলার দাম ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও দাম এখনো বেশি। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া শসা ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং পেঁয়াজপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের দাম বাড়ায় বাড়তি সংসার খরচ
মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা গৃহিণী সালমা বেগম বৃহস্পতিবার সকালে টাউন হল বাজারে কেনাকাটা করতে যান। তিনি বলেন, আমার পরিবারে সদস্যসংখ্যা বেশি হওয়ায় প্রতি মাসে ২৪ থেকে ২৫ কেজি নাজিরশাইল চাল প্রয়োজন হয়। চালের দাম বাড়ায় মাসে প্রায় ১০০ টাকা অতিরিক্ত খরচ হবে। শীতের সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনো তা বেশিই মনে হচ্ছে বলে জানান তিনি।


























