মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে অর্জিত স্বাধীনতার গুরুত্বও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সঙ্গে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এই বাংলাদেশ আমরা পেতাম না।’
রাজাকার বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, হিন্দু গ্রামগুলো গ্রামের পর গ্রাম ছারখার করে দিয়েছিল। মেয়েদেরকে গুলি ও বেয়নেটের আঘাতে ক্ষত-বিক্ষত করে রেল লাইনে ফেলে রাখা হতো। এই ইতিহাস বড় বীভৎস, কুকুরে মানুষের মাংস খেত মানুষের। এসব হতো রাজাকার বাহিনীর সাহায্যে।তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসের শেষে যখন বিলোনিয়া সীমান্তে যখন আমাকে বদলি করা হলো, প্রাপ্ত বয়স্ক এক নারীকে উলঙ্গ অবস্থায় বাঙ্কারে বাশের সঙ্গে বেঁধে যখন তখন ধর্ষণ করা হতো। এসব কাজ পাকিস্তানি আর্মিরা করেনি, করেছে রাজাকারকা। তারা চায়নি এদেশ স্বাধীন হোক।


























