আগামী নির্বাচনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। এর পেছনে দুটি কারণ উল্লেখ করেছে তারা। প্রথমত, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের বিতর্কিত লাল কার্ড প্রত্যাহারের ঘটনা। দ্বিতীয়ত, ভবিষ্যৎ বিশ্বকাপগুলোতে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে মালিকানার অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা।
গতকাল প্রকাশিত এক বিবৃতিতে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানিয়েছে, এই দুই বিষয়েই ইনফান্তিনোর স্বচ্ছতার অভাব নিয়ে তারা হতাশ, আর সে কারণেই ফিফা সভাপতিকে সমর্থন করতে পারছে না তারা।
এর আগে রোববার ফিফা নিশ্চিত করে, পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ইনফান্তিনো। ফিফা জানায়, এ বছরের শুরুতে ঘোষিত পরিকল্পনা ইনফান্তিনো কখনো পরিবর্তন করেননি এবং ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রার্থী হবেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপের বাণিজ্যিক অংশ বিক্রির পরিকল্পনা ঘোষণা করার পর বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও আঞ্চলিক কনফেডারেশনের সমর্থন হারিয়েছিলেন ৫৬ বছর বয়সী এই ফিফা সভাপতি। ক্রমবর্ধমান চাপ ও ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি সেই পরিকল্পনা বাতিল করেন।




















