ভারতের রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি মিনিবাস উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার সকালে মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যামের দিকে যাওয়ার পথে কোটার সিমলিয়া থানা এলাকায় ৮ লেনের এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী রয়েছেন এবং তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদের কালভার্টে পড়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর আহতদের এমবিএস হাসপাতাল এবং নিউ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কোটার জেলা সংগ্রাহক পীযূষ সামারিয়া এবং আইজি হরেন্দ্র মহাবর আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রাম কল্যাণ মীনা জানিয়েছেন, বাসে ২৭ জন যাত্রী ছিলেন এবং পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি



















