রেস্টুরেন্টের টেবিলে খাবারের মেনু, দোকানে বিল পরিশোধ কিংবা কোনো অনুষ্ঠানে নিবন্ধনের ক্ষেত্রে এখন কিউআর (QR) কোডের ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশে বাংলা কিউআর, ব্যাংকিং সেবা ও মোবাইল আর্থিক লেনদেনসহ নানা কাজে এই প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় সময় ও ঝামেলা কমলেও বাড়ছে প্রতারণার ঝুঁকি।
কিউআর কোডের সবচেয়ে বড় সমস্যা হলো, স্ক্যান করার আগে এর ভেতরে কী তথ্য বা ওয়েব ঠিকানা রয়েছে, তা সরাসরি বোঝার সুযোগ নেই। একই রকম দেখতে একটি কোড আপনাকে নিয়ে যেতে পারে প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইটে, আবার প্রতারকদের তৈরি নকল ওয়েবসাইটেও। এমনকি আসল কিউআর কোডের জায়গায় প্রতারকেরা নিজেদের কোড বসিয়ে অর্থ হাতিয়ে নিতে পারে। তাই কিউআর কোড ব্যবহারের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
কোডের ওপর নতুন স্টিকার ও ওয়েব ঠিকানা যাচাই
প্রতারকেরা অনেক সময় আসল কিউআর কোডের ওপর নিজেদের তৈরি কোডের স্টিকার লাগিয়ে দেয়। এর ফলে রেস্টুরেন্টে বিল পরিশোধ কিংবা পার্কিং বা দোকানে লেনদেনের সময় স্ক্যান করা কোড আপনাকে অন্য কারও পেমেন্টের ঠিকানায় নিয়ে যেতে পারে। তাই স্ক্যান করার আগে কোডটি ভালো করে পর্যবেক্ষণ করা জরুরি। এর ওপর নতুন কোনো স্টিকার লাগানো আছে কি না বা কোডটি অস্বাভাবিকভাবে বসানো মনে হচ্ছে কি না, তা দেখে সন্দেহ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।
কোড স্ক্যান করার পরই সঙ্গে সঙ্গে খোলা লিংকে প্রবেশ না করে আগে ওয়েব ঠিকানাটি যাচাই করুন। সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবার আসল ওয়েবসাইট কি না। প্রতারকেরা আসল প্রতিষ্ঠানের নামের বানানে একটি অক্ষর বদলে বা অতিরিক্ত শব্দ যোগ করে নকল ওয়েবসাইট তৈরি করে বিভ্রান্ত করতে পারে। এ ক্ষেত্রে মনে রাখা জরুরি যে ওয়েবসাইটে তালা চিহ্ন বা নিরাপদ সংযোগের সংকেত থাকলেই সেটি আসল বলে নিশ্চিত হওয়া যায় না।
টাকা, পাসওয়ার্ড ও ওটিপি দেওয়ার আগে সতর্ক হোন
বাংলা কিউআরসহ বিভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট সেবায় লেনদেনের আগে প্রাপকের নাম দেখার সুযোগ থাকে। টাকা পাঠানোর আগে টাকার অঙ্কের পাশাপাশি প্রাপকের নামটি সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে নিতে হবে। পর্দায় কোনো অপরিচিত ব্যক্তির নাম দেখালে লেনদেন না করে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলা নিরাপদ।
কোনো ওয়েবসাইট বা পেজে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক কার্ড কিংবা হিসাবের গোপন তথ্য চাওয়া হলে আরও বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে এসএমএস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে আসা কিউআর কোডের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি বেশি থাকে। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এখনই যাচাই করুন কিংবা টাকা ফেরত পেতে স্ক্যান করুন—এ ধরনের তাড়াহুড়ো তৈরি করা বার্তা প্রতারণার কৌশল হতে পারে। একইভাবে পুরস্কার, কুরিয়ার পার্সেল ছাড়ানো বা ভুল লেনদেনের টাকা ফেরতের প্রলোভন দেখানো বার্তা পেলে সরাসরি স্ক্যান না করে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহকসেবার মাধ্যমে তথ্য যাচাই করা উচিত।
পুরস্কার বা পার্সেলের বার্তায় সতর্ক থাকুন
কিউআর কোড ব্যবহার করে প্রতারণার আরেকটি কৌশল হলো পুরস্কার, কুরিয়ার বা টাকা ফেরতের প্রলোভন দেখানো। যেমন, পার্সেল ছাড়াতে টাকা দিতে হবে, পুরস্কার পেতে কোড স্ক্যান করতে হবে কিংবা ভুল লেনদেনের টাকা ফেরত পেতে নির্দিষ্ট লিংকে যেতে হবে। এ ধরনের বার্তা পেলে সরাসরি কোড স্ক্যান না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহকসেবার মাধ্যমে তথ্য যাচাই করুন।
হ্যাকিংয়ের শঙ্কা ও সন্দেহজনক কোড স্ক্যান করলে করণীয়
সাধারণত শুধু কিউআর কোড স্ক্যান করলেই ফোন হ্যাক হয়ে যায় না। তবে কোডটি যদি কোনো ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যায় এবং সেখানে ব্যক্তিগত তথ্য দেওয়া হয় কিংবা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করা হয়, তবে বিপদের আশঙ্কা তৈরি হয়। অচেনা পোস্টার, লিফলেট, দেয়াল বা বিদ্যুতের খুঁটিতে থাকা কিউআর কোডের উৎস ও গন্তব্য নিশ্চিত না হয়ে তা ব্যবহার না করাই ভালো।
কোনো সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করার পর যদি কোনো তথ্য না দেওয়া হয় বা লেনদেন না করা হয়, তবে সাধারণত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই; কেবল সংশ্লিষ্ট পেজটি বন্ধ করে দিলেই চলে। তবে পাসওয়ার্ড দিয়ে থাকলে দ্রুত তা পরিবর্তন করতে হবে, ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার তথ্য দিয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকসেবায় যোগাযোগ করতে হবে এবং সন্দেহজনক কোনো অ্যাপ ডাউনলোড হয়ে থাকলে তা মুছে ফোনের নিরাপত্তা ও অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করতে হবে। কিউআর কোড এড়িয়ে না চলে উৎস যাচাই, ঠিকানা দেখা ও প্রাপকের পরিচয় নিশ্চিত করে ব্যবহার করলেই অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।


























